May 16, 2026, 12:29 pm

৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ

Reporter Name
  • আপডেট Saturday, May 16, 2026
  • 8 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর উত্তরা ও গাজীপুরে গত বুধবার পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকাসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, ঈদুল আজহার আগে পশুর হাটসহ বিপণিবিতানে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলের এই আন্তজেলা চক্রটির সদস্যরা।
এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মজিবুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং তা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে মজিবুরের দেওয়া তথ্যে বেলা দুইটার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালি রঙের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপযুক্ত সাদা কাগজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা জাল টাকা তৈরির চক্রের সক্রিয় সদস্য। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে আসছেন। এই জাল টাকা তাঁরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে সহযোগীদের মাধ্যমে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানায় ডিবি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর