May 15, 2026, 12:43 am

গাজীপুরে অন্ডকোষে আঘাত করে হত্যার চেষ্টা

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 34 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহাঃ- গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের সুর তরঙ্গ রোড এলাকার বাসিন্দা শরীফ হোসেন মাসুমের ওপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধ ও চলমান মামলার জেরে প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি মারধর ও অন্ডকোষে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও আহতের পরিবারের অভিযোগ, এর আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র শরীফ হোসেন মাসুমকে জিম্মি করে স্ট্যাম্পে লিখিত নিয়ে তার জমির দলিল সম্পাদন করে নেয়। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, মামলার জেরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সুজন, মজিবর, আলামীনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন সন্ত্রাসী মাসুমের পথরোধ করে। এ সময় তারা “মামলা করার সাধ মিটাইয়া দিমু” বলে হুমকি দিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।
একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাসুম রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা তার অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত মাসুমকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, “শরীফ হোসেন মাসুম নামে একজন রোগী আজ দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
এদিকে, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, হামলাকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। আদালতে মামলা পরিচালনা বন্ধ করতেই এ হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবার জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর