স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে টঙ্গীর কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার বন্ধু মো. নোমান (১৩)।
নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, বিকেলে পাঁচটার দিকে দুই বন্ধু মিলে নৌকাযোগে গোসল করতে যায় তুরাগ নদীতে। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ইমরান। কিন্তু ইমরানও গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় দুইজনের লাশ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, পাঁচ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। এসময় অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ইমরানও। দীর্ঘসময় চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।