মো: জাফর আলী :: গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা হলেন মো. শাহাপরান (২০), মো. মাহিম শাহারিয়ার মোরসালিন (১৯), ওমর ফারুক (১৮) এবং মো. সজিব মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ শরীফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, আটক শাহাপরানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার সাংসা জয়ানগর বাজার এলাকায়। মাহিম শাহারিয়ার মোরসালিন দিনাজপুরের বিরামপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের, ওমর ফারুক নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া পশ্চিমপাড়া এলাকার এবং সজিব মিয়ার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার পঞ্চনানমপুর গ্রামে। তারা বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানাধীন শরীফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।