আন্তর্জাতিক ডেস্ক :: স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আজ রবিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এর আগে ওয়াশিংটন থেকে তেহরানকে ৯ দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, যার জবাবে ইরান এই ১৪ দফা পেশ করল। খবর আলজাজিরার।
তাসনিম নিউজের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র শুরুতে দুই মাসের সময়সীমা দিয়ে সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাবে দ্বিমত পোষণ করে জানিয়েছে, উদ্ভূত সমস্যাগুলো ৩০ দিনের মধ্যেই সমাধান করতে হবে। তেহরান কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছে।
ইরানের এই ১৪ দফা পরিকল্পনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—উভয় পক্ষ একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা প্রদান, ইরানের নিকটবর্তী অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং নৌ-অবরোধ তুলে নেওয়া। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধের ইতি টানার শর্ত জুড়ে দিয়েছে দেশটি।
কূটনৈতিক এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান এখন তাদের দেওয়া প্রস্তাবের বিপরীতে হোয়াইট হাউসের চূড়ান্ত প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এই শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিরসনে কতটুকু ভূমিকা রাখবে, তা এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।