প্রশাসন ও সরকারি দলের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে স্বতন্ত্র মেয়রপ্রার্থী (হাতি প্রতীক) সরকার শাহনূর ইসলাম রনি গাসিক নির্বাচনে সেনা মোতায়েনসহ প্রতি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি, কিন্তু এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। সরকারি দলের নেতৃবৃন্দ তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় একের পর এক আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছেন। একইসাথে বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণাকালে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। রাস্তা বন্ধ করে, জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে নির্বাচনী সভা ও শোডাউন করা হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
রোববার বিকেলে গাজীপুর নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি রোডে গণসংযোগকালে সাংবাদিকদের কাছে নির্বাচনী মাঠের পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তবুও আমরা নির্বাচনী মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। গত ২০১৮ সালের গাসিক নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সরকারি দল যখন যাকে মনোনয়ন দিবে জনগণের ম্যান্ডেট ছাড়াই যেনতেনভাবে তাকেই নির্বাচিত করতে হবে এমন মানসিকতা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় এমন একটা সময় আসবে যখন জনগণই তাদেরকে প্রতিহত করবে।
হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী রনি সরকার রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানা এলাকায় এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর মোট্রা থানার বিভিন্ন এলাকায় সাধারণ সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেন।