September 18, 2026, 5:26 pm

সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • আপডেট Friday, September 18, 2026
  • 1 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এ চুক্তি বাস্তবায়িত হলে কোনো আরব দেশের কাছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা বাড়বে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) বেশ কয়েক মাস ধরে সৌদি আরবের এফ-৩৫ কেনার উদ্যোগের অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছিল। গত বছরের নভেম্বরে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা অংশীদারত্বের আওতায় রিয়াদের এফ-৩৫ কেনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় দুই দেশের ওই প্রতিরক্ষা অংশীদারত্ব চূড়ান্ত করা হয়।

এর এক মাস পর ডিসেম্বরে এমইই জানায়, সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির আগে ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়টি পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরুতে মার্কিন সামরিক কর্মকর্তারা এ বিষয়ে কংগ্রেসের ক্যাপিটল হিলে একাধিক বৈঠকও করেন।

চুক্তিটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান চলতি গ্রীষ্মে একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে এমইই।

এদিকে চুক্তির ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ইয়েমেনের হুথিদের হামলা নিয়ে সৌদি আরব নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে দেশটি। একই সময়ে ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

এমইইর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশের পাশাপাশি বাব আল-মান্দাব প্রণালির আরব উপসাগরমুখী অংশেও হুথিদের নিয়ন্ত্রণ রয়েছে।

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘোষণাকে তাঁর অবস্থানের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সৌদি আরব এফ-৩৫ যুদ্ধবিমান পেলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চীনের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলের কিছু কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসও যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ঘোষণার এক দিন আগে এ ধরনের উদ্বেগের কথা জানিয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর