ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সৈয়দ ভাকুরী এলাকার শাহরিয়ার ফয়সাল (২৫), ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল এলাকার সাজু মিয়া (২৫), দত্তপাড়া এলাকার সাকিব মিয়া (২৪), কাকনহাটি এলাকার মীর মো. আব্দুল্লাহ (২৪) এবং কালীবাড়ী-দত্তপাড়া এলাকার তন্ময় রায় চৌধুরী (২৫)।
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় অপর একটি অভিযান চালিয়ে মো. সাইফুলসহ আরও একজনকে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।