November 1, 2026, 6:29 pm

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতা : আওয়ামী লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, November 1, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে মিশে নাশকতা ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। আজ রবিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
তিনি বলেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সকল নেতাকর্মীদের ঢাকায় এনেছে। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে আটক অভিযান চলমান রয়েছে।
ডিসি বলেন, কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে আন্দোলন চলছে। তবে গতকাল থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতার চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনের মাঝে থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর