স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে নেমে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে হেরে সিরিজ শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা করেন মাত্র চার রান। শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান। দ্রুত তিন উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তাকে সঙ্গ দিতে পারেননি সোবহানা মোস্তারি। ১৭ বলে দুই রান করে আউট হন তিনি। জ্যোতির ব্যাট থেকে আসে ২৯ রান। স্বর্ণা আউট হওয়ার আগে করেন ২১ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন রিতুমনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভার চিার বলে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতে হারায় একটি উইকেট। ১৮ বলে ১৯ রান করে আউট হন জর্জিয়া ভোল। তবে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। দ্রুত ফিফটি পূরণের পর ৫৭ বলে ৭৭ রান করে আউট হন ওপেনার ফোবে ফিচফিল্ড। এরপর ১২ বলে ১৩ রান করে বেথ মুনি ফিরলেও অস্ট্রেলিয়ার জয়ে বাধা হয়ে দাড়াতে পারেনি বাংলাদেশ। এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌছে দেন। পেরি ২৬ এবং সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থাকেন। তাঁদের ব্যাটে ১৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট নেন।