April 3, 2026, 3:10 am

শ্রীপুরে কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে আটকে নির্যাতন ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রাতভর অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। অপহৃতরা হলেন— ওই কারখানার কাটিং শাখার কর্মকর্তা নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরূপ কুমার (৩৮)।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০) দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০)। তাদের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।
কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মাহ্মুদুল হুদা বলেন, রাতে কারখানার তিন কর্মকর্তা প্রধান ফটকের সামনে চা-নাস্তা খেতে যান। এ সময় গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী স্টাইলে তাদের তুলে নিয়ে যায়। আমরা খবর পাওয়া মাত্রই পুলিশে অবহিত করি। কয়েক ঘণ্টা খুঁজেও অপহৃত তিন কর্মকর্তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে ওই এলাকার ইমনের বাড়ির পাশে একটি আবদ্ধ ঘর থেকে অবরুদ্ধ ও আহতবস্থায় তাদের পাওয়া যায়। অপহরণকারীরা তাদের মুক্তিপণের জন্য মারধর করে এলোপাথারী কুপিয়ে আহত করে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে তিন ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমদের ধারালো অস্ত্র দিয়ে হাত-পাসহ সমস্ত শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পরে আরও অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের মূলহোতা ইমনসহ আরও তিন সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর