নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে বিদায়ি সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শারমিন আক্তার জাহান।
বিদায়ি জেলা প্রশাসক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেই ভূমিদস্যু ও বালুখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করি। ব্রাহ্মণবাড়িয়া শহরকে ময়লা আবর্জনামুক্ত করি। শহরের টাউন খাল ইতোমধ্যেই খনন কাজ শুরু হয়েছে। তিতাস নদীর পাড়ের অবৈধ বসতি উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছি। সততা ও স্বচ্ছভাবে প্রশাসনকে পরিচালনা করেছি।
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করাটা ছিলো আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমি সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি। দায়িত্বকালে সাংবাদিকদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি।
সাংবাদিক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, শেখ সহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতারা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শারমিন আক্তার জাহানকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।