স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দিন উপাচার্যকে ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশের সর্বস্তরের জনগণের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরাই আমাদের মূল শক্তি এবং তাদের মানসম্মত শিক্ষা প্রদানই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা আরও সহজীকরণ, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি সময়ানুবর্তিতা ও টিমওয়ার্কের ওপরও গুরুত্বারোপ করেন এবং একটি সুন্দর ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থায় রূপান্তরের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।