শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরমেট্রোপলিটন এলাকার সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে মহানগরের অপরাধ প্রবণতা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল। তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনগণের আস্থা আরও বাড়বে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল পাওয়া যাবে।’ তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সম্পৃক্ত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিসি (হেডকোয়ার্টার) মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, ডিসি (ট্রাফিক) এস এম আশরাফুল আলমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় পর্বে গাজীপুরের জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি এবং আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্ট ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ আহমেদ শামীম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সেক্রেটারি ও বাসস প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল বারী বাবুল, দৈনিক রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ শামসুল হক রিপন, সমকালের প্রতিনিধি ইজাদুর রহমান মিলন, একুশে টেলিভিশনের প্রতিনিধি, অপূর্ব রায়, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি হাসিব খান, কালবেলার প্রতিনিধি মহিউদ্দিন রিপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, ‘এই ধরনের পুনর্মিলনী আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি কার্যকর মাধ্যম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম একই লক্ষ্য নিয়ে কাজ করে-জনস্বার্থ, স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।” তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও পেশাগত মর্যাদার ভিত্তিতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
আলোচনায় সাংবাদিকরা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতির চিত্রও তুলে ধরেন। বিশেষ করে টঙ্গী ও আশদনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। স্থানীয়ভাবে যে কোনো সময় বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমগ্র আয়োজনটি ছিল পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও স্থিতিশীল গাজীপুর গড়ার প্রত্যয়ে এক ইতিবাচক পদক্ষেপ।