বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। ১৭ থেকে ১৯ জুন প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হবে এই নাট্যোৎসব। তিন দিনব্যাপী এই আয়োজনে দেখা যাবে দেশীয় ও বিশ্বনাট্যের নির্বাচিত ছয়টি নাটক।
প্রথম দিন ১৭ জুন রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের জবানবন্দি’। নাজিমউদদৌলা জুয়েলের নাট্যরূপ ও নির্দেশনায় এতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম, মৃদুল হাসান, রেজাউল করিম প্রমুখ। ব্যঙ্গধর্মী নাটক কমলাকান্তের জবানবন্দিতে উঠে এসেছে সমাজের প্রচলিত বিচারব্যবস্থা, নৈতিকতা ও মানবচরিত্রের নানা অসংগতি। একই দিন রয়েছে কার্লোস সোলোরজানোর ‘ক্রসরোডস’, অনুবাদ সৌম্য সরকার, নির্দেশনায় রিফাত আরা জুঁই। অভিনয়ে সুমন রানা, শর্মি চাকমা ও আকাশ পাল। মানুষ কীভাবে বাস্তবতার মুখোমুখি হতে ভয় পায় এবং নিজের অস্তিত্বের শূন্যতা ঢাকতে মিথ্যার মরীচিকা তৈরি করে, তা দেখানো হয়েছে ক্রসরোডস নাটকে।
দ্বিতীয় দিন ১৮ জুন রয়েছে টেনেসি উইলিয়ামস রচিত ‘দ্য টু ক্যারেক্টার প্লে’। দুটি চরিত্রের মাধ্যমে মানুষের সম্পর্ক, একাকিত্ব, স্মৃতি, স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে এ নাটকে। অনুবাদ তাওসিফ আরেফিন সাম্য, নির্দেশনা আলফেয়ার্ড এলিশায় জয়। অভিনয়ে মাইশা মাসফিকা তানিসা ও নাজমুল আহসান মুন্না। একই দিন রয়েছে মনোজ মিত্র রচিত ‘চোখে আঙুল দাদা’। নাট্যরূপ নজরুল সৈয়দ, নির্দেশনা পলক চক্রবর্তী। অভিনয়ে পলক চক্রবর্তী, সুমন রানা, বন্ধন সাহা, হাবিব প্রমুখ। সমাজসচেতনতামূলক এ নাটকে বুদ্ধিজীবীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে।
নাট্যোৎসবের শেষ দিন ১৯ জুন রয়েছে এডওয়ার্ড এলবি রচিত ‘দ্য জু স্টোরি’। আধুনিক নগরজীবনের চরম একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার গল্প উঠে এসেছে এ নাটকে। অনুবাদ কাজী মোস্তাইন বিল্লাহ, নির্দেশনায় সমর কান্তি সিংহ। অভিনয়ে সরওয়ার জাহান উপল ও হাবিবুল্লাহ হাবিব। নজরুল সৈয়দ রচিত ও নির্দেশিত ঐতিহাসিক নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’ দিয়ে শেষ হবে এই উৎসব। অভিনয়ে সজীব হোসেন, প্রীতি সূত্রধর, ফাহাদ খান, দীপ্তি সাহা প্রমুখ।