বিজয়বাংলা টিভি ডেস্ক :: আর্জেন্টিনার জার্সিতে মঙ্গলবার শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। তার বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ বেনিন। ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রীতি ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টাইন ক্যাম্পে পা রেখেছেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি এই তারকা।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে আর্জেন্টিনা জাতীয় দল। ছবিটি ইতোমধ্যে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কেন্দ্রে পৌঁছাচ্ছেন মেসি।
দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি। বর্তমানে তার বয়স ৩৯ বছর। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে শেষবারের মতো আলবিসেলেস্তে জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। এরপর চিরতরে ছেড়ে দেবেন জাতীয় দলের অধিনায়কের বাহুবন্ধনী।
মেসির বিদায়ী ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক। ২০২২ সালে কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে শিরোপা জেতা সতীর্থদের অনেকেই থাকবেন গ্যালারিতে। পাশাপাশি দেখা যাবে আর্জেন্টিনা দলের উঠতি প্রজন্মের ফুটবলারদেরও।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপা। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। একই সঙ্গে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০৭ ম্যাচে মেসি করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন রেকর্ড ৬৮টি গোল।
আড়াই মাস আগে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরেছিল আর্জেন্টিনা। নিউ জার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। ম্যাচটিতে মেসি নিজের স্বাভাবিক ছন্দে তেমন প্রভাব ফেলতে পারেননি। শেষ পর্যন্ত কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
এরপর আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তখন তিনি লিখেছিলেন, ‘আমি নিজের সবটুকু দিয়েছি; আমার আর কিছু দেওয়ার নেই, আর তা ছাড়া অনেক দারুণ তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা সুযোগ পাওয়ার যোগ্য।’
মেসির ক্লাব ক্যারিয়ার অবশ্য এখনো শেষ হয়নি। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। তবে দুই মাস আগে তার বাবা জর্জে মারা যাওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবছেন তিনি। মেসি জানিয়েছেন, প্রত্যাশার আগেই পুরোপুরি বুট জোড়া তুলে রাখতে পারেন তিনি।