September 16, 2026, 2:04 pm

জাতীয় দলকে বিদায় জানাতে ‘লাস্ট ডান্সে’ নামছেন মেসি

Reporter Name
  • আপডেট Wednesday, September 16, 2026
  • 20 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: একদিন তো বিদায় নিতেই হয়। ফুটবল মাঠে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ারের সেই অন্তিম প্রহরও যেন অবশেষে ঘনিয়ে এলো। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে যে মানুষটি কোটি ভক্ত-সমর্থকের গভীর আবেগের সঙ্গে জড়িয়ে আছেন, এবার তাঁর শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের বরাতে জানা গেছে, আগামী ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে মেসিকে অন্তর্ভুক্ত করেছেন। ফ্যাব্রিজিও রোমানো তাঁর পোস্টে বিষয়টিকে মেসির জাতীয় দলের ‘লাস্ট ড্যান্স’ হিসেবে অভিহিত করেছেন। মূলতঃ হোম ক্রাউড তথা দেশের সমর্থকদের উপস্থিতিতে জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতেই এই ম্যাচে মেসি মাঠে নামবেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছিলেন। এর পর থেকেই জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে—তা নিয়ে বিশ্বজুড়ে চলছিল নানা গুঞ্জন ও তুমুল আলোচনা। বিশ্বজুড়ে থাকা আর্জেন্টিনার কোটি সমর্থকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রিয় তারকার বিদায়ী ম্যাচের সূচির জন্য। রোমানোর এই ঘোষণার মধ্য দিয়ে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি উপস্থিতিই ভক্তদের কাছে সব সময় বিশেষ কিছু। তবে আগামী ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন আবেগ ও অনুভূতির। কারণ, মনুমেন্টালের গ্যালারিতে সেদিন ভক্তরা শুধু প্রিয় ফুটবলারকে খেলতে দেখার আনন্দ উপভোগ করবেন না, বরং ফুটবলের এক অনন্য বরপুত্রকে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানানোর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর