August 27, 2026, 8:15 pm

শুরু হচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ

Reporter Name
  • আপডেট Thursday, August 27, 2026
  • 15 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক:: ইউরোপের ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন এক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতা—ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ETPL)। প্রথম আসরেই ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন ও স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে আলোচনায় এসেছে ছয় দলের এই টুর্নামেন্ট। শুধু ক্রিকেটার নয়, ক্রিকেট বিশ্বের আরও বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন নতুন এই লিগের সঙ্গে। কেমন হবে প্রতিযোগিতার কাঠামো, কোন দলের নেতৃত্বে থাকছেন কারা এবং কোথায় হবে ম্যাচ—একনজরে দেখে নেওয়া যাক।
আজই মাঠে গড়াচ্ছে লিগ
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ম্যাচ।
৩২ ম্যাচের আসর
ছয় দলের এই প্রতিযোগিতা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৩২টি ম্যাচ। লিগ পর্বে প্রতিটি দল অন্য পাঁচ দলের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রত্যেক দলের ম্যাচ হবে ১০টি এবং লিগ পর্বে মোট ম্যাচ ৩০টি।
এরপর ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার। এক দিন পর, ২০ সেপ্টেম্বর হবে ফাইনাল। টুর্নামেন্টের প্রথম ১৭টি ম্যাচ আয়োজন করা হবে ভুরবার্গে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে। কোয়ালিফায়ার ও ফাইনালও হবে সেখানেই।
ফাইনালে ওঠার নিয়ম
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সরাসরি ফাইনালে চলে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ারে। সেই ম্যাচের বিজয়ী দল ফাইনালে শীর্ষ দলের বিপক্ষে মাঠে নামবে। তাই লিগের শেষ পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখার লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তিন দেশের ছয় ফ্র্যাঞ্চাইজি
প্রথম আসরে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের দুটি করে দল অংশ নিচ্ছে।
নেদারল্যান্ডস: আমস্টারডাম ফ্লেমস, রটারডাম ডকার্স
আয়ারল্যান্ড: ডাবলিন গার্ডিয়ানস, বেলফাস্ট উলভস
স্কটল্যান্ড: এডিনবরা ক্যাসল রকার্স, গ্লাসগো কসমিক
কোন দলের অধিনায়ক কে?
আমস্টারডাম ফ্লেমস — স্কট এডওয়ার্ডস
নেদারল্যান্ডসের উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে খেলবে আমস্টারডাম। দলটিতে রয়েছেন স্টিভ স্মিথ, টিম ডেভিড ও অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটার।
রটারডাম ডকার্স — ফাফ ডু প্লেসি
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির নেতৃত্বে মাঠে নামবে রটারডাম। দলে বড় তারকা হিসেবে আছেন হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া ও ডেভিড ভিসা।
বেলফাস্ট উলভস — গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে থাকবে বেলফাস্টের নেতৃত্ব। দলে তার সঙ্গে আছেন ডেভন কনওয়ে, ডেভিড মিলার, পল স্টার্লিং ও ক্রিস জর্ডান।
ডাবলিন গার্ডিয়ানস — রবিচন্দ্রন অশ্বিন
ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নেতৃত্ব দেবেন ডাবলিনকে। দলে রয়েছেন জেমস ভিন্স, ড্যারিল মিচেল, জশ লিটল ও বিজয় শঙ্কর। ভারতের সঙ্গে দলটির সম্পর্ক আরও গভীর—সহমালিকদের একজন সাবেক ভারতীয় তারকা রাহুল দ্রাবিড়। কোচিং স্টাফেও রয়েছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
এডিনবরা ক্যাসল রকার্স — মিচেল স্যান্টনার
নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনারের নেতৃত্বে খেলবে এডিনবরা। দলটিতে রয়েছেন ট্রেন্ট বোল্ট, টম কারান, লরি ইভান্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন।
গ্লাসগো কসমিক — জর্জ মানসি
স্কটল্যান্ডের ব্যাটার জর্জ মানসির নেতৃত্বে খেলবে গ্লাসগো। তাদের দলে আছেন লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, জিমি নিশাম, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডির মতো তারকারা। নতুন এই লিগের মাধ্যমে ইউরোপের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। তারকাখচিত দলগুলোর লড়াইয়ে প্রথম আসর কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর