নিজস্ব প্রতিবেদক ::বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) বিকেলে সাভার পৌরসভা মডেল মসজিদের সামনে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাভারের রাজপথ। ঢাকা জেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন,রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের আর ছাড় দেওয়া হবে না। গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চা জোরদারে যুবসমাজকে এখন অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা সক্রিয় থাকার কঠোর নির্দেশনা দেন।
প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে হলে শালীনতা, সত্যনিষ্ঠা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঢাকা জেলা যুবদল সবসময় অঙ্গীকারবদ্ধ। প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করে জনগণের পাশে থাকতে হবে। বিএনপি সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার, গুজব আর শিষ্টাচারবহির্ভূত নোংরা রাজনীতি বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদল আজ থেকে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে। কেন্দ্রীয় যুবদল ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঢাকা জেলা যুবদল সবসময় রাজপথে অগ্রভাগে থেকে অঙ্গীকারবদ্ধ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা দিয়ে আরও বলেন,আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে আমাদের আরও সুশৃঙ্খল হতে হবে। দলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করুন, নিজেদের মধ্যকার ঐক্যকে ইস্পাতকঠিন করুন এবং সবসময় সাধারণ জনগণের পাশে থাকুন। জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে যুবদল পিছপা হবে না। অপপ্রচারকারীদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা রাজপথেই চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনব।
সমাবেশের সঞ্চালক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন,আজ যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব আর নোংরা শিষ্টাচারবহির্ভূত রাজনীতিতে মেতে উঠেছে, যুবদলের এই জনস্রোত প্রমাণ করে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে দমানো যাবে না। ঢাকা জেলা যুবদলের প্রতিটি কর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে এই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, আমাদের লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই, আমাদের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ঢাকা জেলার প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। রাজপথের আন্দোলনে কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। অপপ্রচারকারীদের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত না করা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। সমাবেশে বক্তারা সমস্বরে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র গণসচেতনতা গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংগঠনিক ঐক্যের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।