June 27, 2026, 9:29 pm

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত

Reporter Name
  • আপডেট Saturday, June 27, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা চিরাচরিত বিষাক্ত রাসায়নিকের ব্যবহার কমিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব ‘বিটিআই’ নামক জৈবিক প্রযুক্তি ব্যবহার করছি। প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে আমাদের ক্রাশ প্রোগ্রাম ও কঠোর মনিটরিং চলছে, যার ফলশ্রুতিতেই আক্রান্তের গ্রাফ আজ ৯ হাজার থেকে মাত্র ১০৯-এ নেমে এসেছে। তবে এই সাফল্য ধরে রাখতে নগরবাসীকে সচেতন হতে হবে। আজ শনিবার মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক নাগরিক সভা ও র‌্যালিতে তিনি এসব কথা বলেন।
মেয়র শাহাদাত বলেন, নগরবাসী যদি নিজ নিজ আঙিনা, ছাদবাগান বা এসি-ফ্রিজের ট্রে পরিষ্কার না রাখেন, তবে এককভাবে সিটি করপোরেশনের পক্ষে মশা শতভাগ নির্মূল করা অসম্ভব। ‘সুরক্ষা’র মতো পেশাদার ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সামাজিক সংগঠনগুলো জনসচেতনতা তৈরিতে এগিয়ে এলে এই লড়াই আরও বেগবান হবে। আয়োজক সংগঠন সুরক্ষা’র চেয়ারম্যান ডা. এমএম তৈমুর হাসানের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াত ও ডা. লামিয়া ইবতেসাম ওসমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুরক্ষার উদ্যোক্তা ডা. রাশেদুজ্জামান মন্ডল ও আরমান আলী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট অনুষদের ডিপার্টমেন্ট হেড সেলিম উদ্দিন, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা) প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর