June 23, 2026, 12:34 am

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’

বিনোদন প্রতিবেদক::
  • আপডেট Monday, June 22, 2026
  • 4 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। রেশ পড়েছে বাংলাদেশেও। সপ্তাহখানেক পর শুরু হবে বিশ্বকাপের রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব। সেই পর্বকে সামনে রেখে গান তৈরি করেছেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের গানটি ফুটবলকে শুধু একটি খেলা হিসেবে নয়, বরং বাংলাদেশের মানুষের জীবনযাপন, আবেগ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদ্‌যাপন করে লেখা। বাংলাদেশের সংগীতশিল্পী মিলা, পান্থ কানাই, বাম্মি সানজানা, র‍্যাপার ব্ল্যাক জ্যাংয়ের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। সংগীত আয়োজনে ব্যবহৃত হয়েছে ব্রাজিলিয়ান বাইলে ফাঙ্কের প্রভাব, যা ফুটবলের বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে গানটির সংযোগকে গভীর করেছে।
কান্ডারি চল গানের মূল বার্তা—ফুটবলই জীবন। বাংলাদেশে ফুটবল শুধু মাঠের খেলা নয়। এটি পাড়ার গলি, ছাদের আড্ডা, চায়ের দোকানের তর্ক, পতাকায় পতাকায় রঙে রঙে ছেয়ে যাওয়া শহর, বন্ধুদের উন্মাদনা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলা এক আবেগের নাম। কান্ডারি চল সেই আবেগকেই ধারণ করেছে। গানের কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় ও ব্ল্যাক জ্যাং।
বাংলাদেশি লোকসংগীতের আবহ, স্টেডিয়ামের উচ্ছ্বাস, আধুনিক ইলেকট্রনিক সাউন্ড, র‍্যাপ এবং পথঘাটের মানুষের কোলাহলসহ নানা বিষয় জায়গা পেয়েছে গানের মিউজিক কম্পোজিশনে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।
ফুয়াদ আল মুক্তাদির জানান, গানটি ফুটবলকে খেলার গণ্ডি পেরিয়ে মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ এবং আবেগের গল্প হিসেবে তুলে ধরতে চায়। বিশ্ব যখন বিশ্বকাপের নকআউট পর্বের দিকে তাকিয়ে, তখন কান্ডারি চল গানটি বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে আসে—ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবলই জীবন। আর এভাবেই ফুটবল উদ্‌যাপন করে বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর