June 15, 2026, 12:47 am

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

Reporter Name
  • আপডেট Sunday, June 14, 2026
  • 21 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড জানান, তিনটি আলাদা পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে তবুও জীবন। যেখানে দেখা যাবে শহরে বাস করা একটি একক ও একটি যৌথ পরিবারের গল্প। ছোট পরিবারে কাজের লোকের কাছে সন্তানকে রেখে কাজে যায় মা-বাবা। কিন্তু কাজে গিয়েও সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে সন্তানকে নিয়ে। অন্যদিকে, একটি যৌথ পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে থাকার জন্য নানা সংগ্রাম করে যায়। এ ছাড়া রয়েছে উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনি।
একক পরিবারে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ ও দীপা খন্দকার। যৌথ পরিবারে আছেন দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনা প্রমুখ। আর গ্রাম থেকে শহরে আসা দম্পতির চরিত্রে আছেন কবির টুটুল ও সুমনা সোমা। প্রতিটি পরিবারের জীবনসংগ্রাম আর সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প উঠে আসবে ধারাবাহিকটিতে।
নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘২০১০ সালের পর ধারাবাহিক নাটক আর নির্মাণ করা হয়নি। বেশির ভাগ সময় চলচ্চিত্র নিয়েই ব্যস্ত ছিলাম। ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর পরিকল্পনা করলাম বাস্তবের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করতে। তাই আমাদের শহরের পরিবারগুলো নিয়ে লিখলাম।’
পরিবারের গল্প বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘আমাদের সময়ে যৌথ পরিবার ছিল। এখন পরিবারগুলো ছোট হয়ে এসেছে। কিছু পরিবার এখনো একত্রে থাকার চেষ্টা করছে। এ ছাড়া উন্নত জীবনের লক্ষ্যে প্রতিনিয়ত গ্রাম থেকে শহরে ভিড় করছে মানুষ। সব মানুষের জীবনে রয়েছে নানা সংগ্রামের গল্প। সেই স্ট্রাগলগুলো দেখানোর চেষ্টা করছি। তবে সেটা ইতিবাচকভাবে, যাতে সবার কাছে সুন্দর একটি বার্তা পৌঁছায়। আশা করছি, প্রচার শুরু হলে ধারাবাহিকটি সবার ভালো লাগবে।’ নির্মাতা জানান, ইতিমধ্যে শেষ হয়েছে ৩৯ পর্বের ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং। ১৬ জুন থেকে দ্বিতীয় লটের শুটিং করার পরিকল্পনা করেছেন তিনি। দৃশ্যধারণের কাজ শেষ হলেই নাটকের প্রচার পরিকল্পনা সাজানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর