স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে ৮শ‘ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম শুক্কুর আলী (৩০)। গতকাল বুধবার সকালে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুক্কুর আলী টঙ্গীর এরশাদনগর ১ নম্বর ব্লক বেরিবাঁধ এলাকার মো: সেলিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শুক্কুর আলী বিভিন্ন এলাকায় মাদক কারবারে করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শুক্কুরের কাছ থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৮শ‘ পিস ইয়াবা ট্যাবলেটন উদ্ধার করে।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।